জয়পুরহাটে ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি বিতরণ, আটক ৩
জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলায় ব্যালট পেপার ফটোকপি করে প্রার্থীদের কর্মীদের মধ্যে বিতরণের অভিযোগে একটি ফটোকপি দোকানের মালিকসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাত্রাই বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন--মাত্রাই বাজারের একটি ফটোকপি দোকানের মালিক নির্মল চন্দ্র সরকার (৫১) এবং তার দুই কর্মচারী জহুরুল ইসলাম (২৬) ও মোস্তাফিজুর রহমান (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি দোকানে মূল ব্যালট পেপার সংগ্রহ করে সেগুলোর ফটোকপি করা হচ্ছে এবং পরে তা জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে প্রথমে সেনাবাহিনীর সদস্যরা দোকানটিতে অভিযান চালান। পরে পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ফটোকপি করা ব্যালট পেপার জব্দ করে।
আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে দোকান মালিক নির্মল চন্দ্র সরকার জানান, তিনি মোট ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি করেছেন। এরপর তাকে এবং তার দুই কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়।
কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে অভিযুক্তদের আটম করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে