বন্যাকবলিত বন্ধুর খোঁজ নিতে গিয়ে প্রাণ গেল ফার্মেসি ব্যবসায়ীর
কক্সবাজারের পেকুয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এক বন্ধুর খোঁজ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ফার্মেসি ব্যবসায়ী। বৃষ্টিতে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মানিক উদ্দিন নাহিদ (২৫) উপজেলার টৈটং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোকতার আহমদের ছেলে। পেকুয়া জেনারেল হাসপাতালসংলগ্ন এলাকায় তার একটি ফার্মেসি ছিল।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এক বন্ধুর খোঁজখবর নিতে মঙ্গলবার রাতে পেকুয়া বাজার থেকে মোটরসাইকেলে নন্দীরপাড়ার উদ্দেশে রওনা হন নাহিদ। পথে সিকদারপাড়া এলাকায় পৌঁছালে বৃষ্টিতে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যান। এতে তিনি এবং মোটরসাইকেলের অপর এক আরোহী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাহিদকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তার নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
মতামত দিন