রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ
রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরপর দুই দিনের হামলায় উপকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে এ হামলা হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত সেখানে ঢুকে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
হামলায় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয় এবং চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণের পর উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দায়িত্বরত লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের উপমহাব্যবস্থাপক (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, আগের দিনের ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম দিন দুজন দায়িত্ব পালন করলেও পরদিন চারজনকে পাহারায় রাখা হয়েছিল। পুলিশ প্রশাসনকেও টহল ও নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।
তিনি বলেন, হামলার সময় কার্যালয়ে নিরাপত্তাকর্মীরা দায়িত্বে ছিলেন। পুলিশকে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্বৃত্তরা অল্প সময়ের মধ্যেই হামলা চালিয়ে পালিয়ে যায়।
উপকেন্দ্রের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিনের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ ঢাকা ছিল। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ার পাশাপাশি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এমন পরিস্থিতিতে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, আগের দিনও উপকেন্দ্রটিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল, তবে তখন আগুন লাগেনি। দ্বিতীয় দিনের হামলায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মতামত দিন