চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, আহত ২
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপে দুই যাত্রী আহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ যাত্রীরা হলেন- লায়লা (৫০) ও ঝর্ণা (৩০)। তারা রাউজান পৌরসভা এলাকার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতরা সম্পর্কে বোন বলে জানা গেছে।
সিএনজিচালিত অটোরিকশা চালক মো. জমির জানান, রেবাবার ভোরে ৫ জন যাত্রী নিয়ে কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলাম। গাড়িটি আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক হঠাৎ পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে দুজন দগ্ধ হন। আহতদের সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পেট্রোলবোমা নিক্ষেপে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তারা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে