Views Bangladesh Logo

সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলি গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তাঁর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারাও এমপির বাড়িতে যান।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে একটি পিকআপে করে একদল ব্যক্তি সেখানে আসে। তারা বাড়ির টিনের চাল লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ কর্মকর্তা বলেন, বাড়ির নিরাপত্তারক্ষী আগুন দেখতে পেয়ে দ্রুত অন্যদের খবর দেন। এতে আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

হামলার সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য এমএ মালিক এবং তাঁর স্ত্রী বাড়িতে ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে এ বিষয়ে তদন্ত চলছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপকমিশনার আফজাল হোসেন।

এর আগে গত ২০ নভেম্বর সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ