খুলনায় নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই যুবক ভবনের প্রবেশপথের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছুড়ে পালিয়ে যায়।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কে ডি ঘোষ রোডে নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে সেখানে আগুনের সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই তা নিভে যায়। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর নগর ভবনের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন সংশ্লিষ্টরা। সিটি করপোরেশনের কর্মীদের ভাষ্য অনুযায়ী, ফুটেজে সড়ক থেকে ভবনের দিকে একটি বস্তু ছুড়ে মারতে দেখা গেছে। সেটি সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হয়। তবে এ বিষয়ে সিটি করপোরেশনের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, বিস্ফোরণে ভবনের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। শুধু সিঁড়ির কিছু অংশে দাগ পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত দিন