Views Bangladesh Logo

সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশের দাবি ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

তবে ঘটনাস্থল পরিদর্শন করে এ ধরনের হামলার কোনো আলামত পায়নি পুলিশ। বরং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদী হাসান।

তার দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এর পরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। এ কারণে পেট্রোলবোমা জাতীয় কিছু নিক্ষেপ করা হয়েছে বলে সন্দেহ করেন তিনি।

ফেসবুক লাইভে মাহদী তার চাচার বাড়ির বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য দেখান। একই সঙ্গে মাটিতে পেট্রোলবোমার অংশ পড়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে মাহদীর অভিযোগ নাকচ করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। তিনি জানান, ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

ওসি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’

তিনি আরও জানান, মাহদী হাসানের বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। সেখানকার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ