Views Bangladesh Logo

আবারও বাংলাদেশের হকি দলের কোচ পিটার গেরহার্ড

এশিয়ান গেমসকে সামনে রেখে আবারও বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন জার্মান কোচ পিটার গেরহার্ড। বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে তাঁর সমঝোতা চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে দুই মাসের জন্য চুক্তি হলেও এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গেরহার্ড শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর জাতীয় দলকে নিয়ে তিনি জার্মানিতে যাবেন। সেখানে দলের সঙ্গে যুক্ত হবেন কোচিং স্টাফের আরও চার সদস্য—পল লিসেক, অলিভার কার্স, ম্যাথিয়াস ও আকিম মানসেস।

এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল জার্মানিতে এক মাসের কন্ডিশনিং ক্যাম্প করবে। ক্যাম্প চলাকালে জার্মানির শীর্ষ লিগের কয়েকটি ক্লাবের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ খেলবে দল।

বাংলাদেশের হকির সঙ্গে গেরহার্ডের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৯ সালে প্রথমবার কোচিং পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে ২০১৬ সাল পর্যন্ত জাতীয় দল ও ক্লাব পর্যায়ে কাজ করেন তিনি। তাঁর সময়েই রাসেল মাহমুদ জিমিসহ কয়েকজন বাংলাদেশি খেলোয়াড় ইউরোপে খেলার সুযোগ পান। পরে ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ হকি ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ফিরে এলেও সে বছরের সেপ্টেম্বরে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে দায়িত্ব ছেড়ে দেন। এবার আবারও জাতীয় দলের দায়িত্ব নিয়ে বাংলাদেশের হকিতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন এই জার্মান কোচ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ