Views Bangladesh Logo

ছাগল কামড়ানোর অভিযোগে কুকুর হত্যা, আরও মারার হুমকি

পাবনার চাটমোহরে ছাগল কামড়ানোর অভিযোগে একটি পোষা কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আরও দুটি কুকুরকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন কুকুরটির মালিক।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কুকুরটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

মৃত কুকুরটি নিজের পোষা বলে দাবি করেছেন গ্রামের কৃষক সোলায়মান প্রামাণিক। অভিযুক্ত নাঈম হোসেন একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

সোলায়মান প্রামাণিক বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, মাঠে কাজ করছিলেন। বাড়িতে ফিরে কুকুরটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তাঁর মায়ের কাছ থেকে জানতে পারেন, নাঈম শাবল দিয়ে আঘাত করে কুকুরটিকে হত্যা করেছেন।

তিনি বলেন, কুকুরটি তার শখের পোষা ছিল। ঘটনার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশকে বিষয়টি জানিয়েছেন। তিনি কুকুর হত্যার বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে নাঈম হোসেন বলেন, বৃহস্পতিবার তার কয়েকটি ছাগলকে কুকুরটি কামড়েছিল। এ ছাড়া আশপাশের বাড়ির ছাগল ও মুরগিকেও কুকুরটি কামড়াত বলে দাবি করেন তিনি। কুকুরটির কারণে এলাকায় ছাগল-মুরগি পালন করা কঠিন হয়ে পড়েছিল বলেও দাবি করেন নাঈম।

তিনি বলেন, অতিষ্ঠ হয়ে শুক্রবার শাবল দিয়ে কুকুরটিকে মেরে ফেলেছেন। ওই এলাকায় আরও দুটি কুকুর রয়েছে এবং সেগুলোও তিনি মেরে ফেলবেন। পোষা কুকুর হলে মালিকদের তা বাড়িতে বেঁধে রাখা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কুকুরটির মৃতদেহ উদ্ধার করে দপ্তরে নিয়ে ময়নাতদন্ত করা হয়। ধারালো অস্ত্র দিয়ে পাঁজরে আঘাতের কারণে ফুসফুসে জখম এবং অতিরিক্ত রক্তক্ষরণে কুকুরটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলা হলে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেওয়া হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, সকালে ঘটনাটি মৌখিকভাবে জানার পর প্রাণিসম্পদ দপ্তরকে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় কুকুরটির মালিক লিখিত অভিযোগ দিচ্ছেন। অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ