দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা: সংসদে অর্থমন্ত্রী
দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা ১৯ পয়সা। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী এই ঋণের পরিমাণ জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন অর্থমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রেজা আহাম্মেদ জানতে চেয়েছিলেন, বর্তমানে দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ কত এবং এই ঋণের বোঝা কমাতে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি অর্থের দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
এদিকে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের চিত্রও তুলে ধরেন অর্থমন্ত্রী। ৩০ জুন ২০২৬-এর হিসাব অনুযায়ী এসব ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে, ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। অগ্রণী ব্যাংকে ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ, রূপালী ব্যাংকে ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ এবং সোনালী ব্যাংকে ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে।
এ ছাড়া বেসিক ব্যাংক পিএলসিতে খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা। অর্থমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকই রয়েছে জনতা ব্যাংকে।
মতামত দিন