মানুষের জীবনমানের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যে কাজ করলে মানুষের উপকার হবে, সরকার সে কাজই করতে চায়।
তারেক রহমান বলেন, দেশের ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে সামনে রেখে সরকার কাজ করবে। একই সঙ্গে দেশের উন্নয়নে যারা বাধা সৃষ্টি করবে এবং শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মৎস্যসম্পদ উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব খাল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য মাছ সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে।
কৃষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সামর্থ্য অনুযায়ী সরকার কৃষকদের পাশে দাঁড়াবে। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নারী শিক্ষার প্রসঙ্গে তারেক রহমান বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা বিনামূল্যে করা হবে। ভালো ফলাফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হবে। একই সঙ্গে সারাদেশের দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
মতামত দিন