বর্তমান সংসদ নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি: ভারপ্রাপ্ত স্পিকার
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সংসদকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। সংসদের কার্যক্রমের দিকে দেশের ১৮ কোটি মানুষের পাশাপাশি প্রবাসীসহ মোট ৩৬ কোটি মানুষের দৃষ্টি রয়েছে।
বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণ চান সংসদ সদস্যরা বুদ্ধিবৃত্তিক আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তিনির্ভর বিতর্কের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণ করবেন।
বর্তমান সংসদকে ‘নিপীড়িত মানুষের সংসদ’ উল্লেখ করে কায়সার কামাল বলেন, এই সংসদের অধিকাংশ সদস্যই অতীতে ফাঁসির মঞ্চ, গুম, নির্যাতন, নির্বাসন কিংবা কারাবাসের মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তার দাবি, ৩৫০ জন সংসদ সদস্যের প্রায় ৯৯ শতাংশই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসের পাশাপাশি বিশ্বেও ব্যতিক্রমী।
তিনি বলেন, গ্রামের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষও মোবাইল ফোনের মাধ্যমে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তাই সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রেখে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
সংসদ পরিচালনায় নিরপেক্ষতা ও ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে তাদের দায়িত্ব হলো সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করা।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও সাংবিধানিক শাসনব্যবস্থা সুসংহত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
কায়সার কামালের ভাষায়, রাষ্ট্রের আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সংসদই কেন্দ্রীয় প্রতিষ্ঠান। সংসদে সরকার যেমন বক্তব্য উপস্থাপনের সুযোগ পায়, তেমনি বিরোধী দলও গঠনমূলক সমালোচনার সুযোগ পায়। এ ধরনের বিতর্ক ও আলোচনা রাষ্ট্র ও জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে আনে।
তিনি আশা প্রকাশ করেন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নে সংসদই হবে কেন্দ্রীয় প্রতিষ্ঠান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রত্যাশা এবং দেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বপ্ন বাস্তবায়নে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন