মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির পথও বের করতে হবে। যদি আমরা জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকসহ সব দিক থেকেই মুক্তি পেতে সফল হব।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির স্মরণসভার লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির ৩১ দফা সংস্কারে কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশের রাজনীতি, আইন ও বিচার ব্যবস্থাসহ সামগ্রিকভাবে মানুষের কাছে আমরা ৩১ দফা দাবি প্রস্তাবনা উপস্থাপন করেছি। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। বিএনপি বিশ্বাস করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাইলে সকল সংস্কার প্রস্তাবের সঙ্গে সঙ্গে মানুষের রাজনৈতিক অধিকার অর্জনের পাশাপাশি অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময়ী দেশ, শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলে চলবে না।
জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য জানিয়ে তারেক রহমান বলেন, যখন দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে তখনই যারাই সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে। এ কারণে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে আমাদের এতো ত্যাগ, তিতিক্ষা ও আন্দোলন।
তারেক রহমান বলেন, দেশের কোটি কোটি মানুষ চেয়েছিল দেশটি স্বৈরাচারমুক্ত হোক। কিছুদিন আগেও মানুষের কথা বলার অধিকার ছিল না। ৫ আগস্ট ছাত্র-জনতা যে বিপ্লব ঘটিয়েছেন তা অবিস্মরণীয়।
২০২৪-এর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহিদদের যে আত্মত্যাগ তা আমাদের কাজে লাগাতে হবে। স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেলেও প্রেতাত্মারা এখনও দেশে অবস্থান করছে। তাদের চিহ্নিত করে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে