Views Bangladesh Logo

সংস্কারে বাধা দিলে জনগণ বিকল্প পথ খুঁজে নেবে: হাসনাত আবদুল্লাহ

 VB  Desk

ভিবি ডেস্ক

সংস্কারে বাধা সৃষ্টি করা হলে জনগণ নিজেরাই বিকল্প পথ খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি আরও বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে সংস্কারের প্রচেষ্টায় বাধা দেয়া হলে জনগণের প্রতিরোধ আরও তীব্র হবে।’

সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রামের ২ নম্বর গেইট বিপ্লব উদ্যানে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আজকের এই পথসভা ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জনসমর্থন তৈরির জন্য এনসিপির চলমান প্রচারাভিযানের দ্বিতীয় দিনের অংশ।

এ সময় দলীয় সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুর্নীতির কেন্দ্র হিসেবে অভিযুক্ত করেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত বলেন, ‘৫ আগস্টের আগে এনবিআর এবং কাস্টমস দুর্নীতির আড্ডায় পরিণত হয়েছিল। সচিবালয়ের ভেতরে যেসব কর্মকর্তা এখন প্রতিবাদ করছেন তাদের অনেকেই পূর্ববর্তী সরকারকে সমর্থন করেছিলেন। এই প্রতিষ্ঠানগুলোতে সংস্কার আনতে হবে এবং এই প্রক্রিয়ার পথে কোনো বাধা সহ্য করা হবে না।’

তিনি জোর দিয়ে বলেন, সরকার ইতোমধ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং বিশেষ করে বেসামরিক প্রশাসনের অভ্যন্তর থেকে কোনো বাধা আসলে তা জনগণের কঠোর প্রতিরোধের মুখে পড়বে।

সোমবার রাঙ্গুনিয়া, রাউজান এবং হাটহাজারীসহ বেশ কয়েকটি উপজেলায় পথসভার আয়োজন করে এনসিপি। এর আগে রোববার দলটির নেতারা দক্ষিণ চট্টগ্রামের নয়টি উপজেলায় জেলাব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে সফর করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ