Views Bangladesh Logo

উচ্ছেদ বাতিলের প্রতিবাদে কক্সবাজারে হাজারো মানুষের সমাবেশ

ক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ১৭টি মহল্লার প্রায় ৬০ হাজার মানুষের উচ্ছেদ প্রক্রিয়া বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। এ ছাড়াও র‍্যালি ও সমাবেশ করেছে তারা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে কয়েক হাজার মানুষ। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে তাদের এ কর্মসূচি। এই সময় শহরের লালদীঘি পার হতে ঝাউতলা পর্যন্ত প্রধান সড়ক অবরোধ করা হয়। এতে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে জনভোগান্তির সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঝড় তুফান আর সাগরের সাথে লড়ায় করে আমরা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বেঁচে আছি। আমরা এখানে যারা আছি সবাই জলবায়ু উদ্বাস্তু। এই জায়গা ছাড়া আমাদের থাকার কোনো স্থান নেই। প্রয়োজনে আমরা মাটি এবং বাসস্থান রক্ষায় জীবন দেব।

সিভিল এভিয়েশনকে দেওয়া বন্দোবস্ত বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এ ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, স্মারকলিপি গ্রহণ করেছি। এটি সরকারের কাছে পৌঁছানো হবে। বিভিন্ন দপ্তর এর সাথে সংশ্লিষ্ট রয়েছে। আশা করছি, আমরা একটি সিদ্ধান্তে আসতে পারব।

১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম রুবেল বলেন, ১ নম্বর ওয়ার্ডে স্থায়ী করার জন্য আমাদের এই দাবি। এখানে ৫০ হাজার লোকের বসবাস, ১৯টি মসজিদ, ১৯টি কবরস্থান, ১৭টি মহল্লা এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শুঁটকি মহল রয়েছে। আমরা উচ্ছেদ আতঙ্কে থাকতে চাই না।

একই ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, কিছুদিন আগে উচ্ছদ করার জন্য তালিকা করতে আসে সিভিল অ্যাভিয়েশনের লোকজন। ৬ মাসের মধ্যে তাদের উচ্ছেদ করা হবে বলে জানান তারা।

তিনি আরও বলেন, নামমাত্র এক লাখ এক টাকা মূল্যে ৬৮২ একর জায়গা সরকারের কাছ থেকে নেয় সিভিল এভিয়েশন। এই জায়গায় বিগত ৪০ বছর ধরে আমাদের বসবাস। আমরা উচ্ছেদ হতে চাই না। আমরা চিরস্থায়ী বন্দোবস্ত চাই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ