পিলখানা হত্যাকাণ্ড
অনেক বছর জনগণকে বিভ্রান্তিতে রাখা হয়েছে: প্রধান উপদেষ্টা
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারসহ বাংলাদেশের জনগণকে বিভ্রান্তিতে রাখা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহীদদের পরিবার তাদের প্রিয়জনদের জন্য ন্যায়বিচারের অপেক্ষায় আছে। পিলখানায় আমাদের সাহসী সেনা কর্মকর্তাদের নির্মম হত্যাকাণ্ডের পর দেশ অনেক দিন অন্ধকারে ছিল।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই দিনে আমি গভীর শোকের সঙ্গে দেশের শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
বিবৃতিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমি আশা করি, শহীদদের পরিবার ও নিপীড়িতদের পাশে দেশ ও জনগণ সবসময় থাকবে।’
বিবৃতির শেষে তিনি বলেন, ‘এই দিনটি এখন থেকে আমাদের স্মরণ করিয়ে দেবে, কীভাবে কিছু সাহসী মানুষ দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। জাতি হিসেবে আমাদের শপথ নিতে হবে যে আমরা তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করব। আর কোনো প্রাণ যেন স্বৈরশাসন, ষড়যন্ত্র ও অহংকারের কারণে হারিয়ে না যায়। প্রতিটি মানুষ যেন তার যোগ্যতা ও মেধার ভিত্তিতে যথাযথ মর্যাদা লাভ করে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে