Views Bangladesh Logo

চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সামরিক সংস্করণ চালু করল পেন্টাগন

 VB  Desk

ভিবি ডেস্ক

সামরিক ও প্রতিরক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বিশেষায়িত এআই সেবা চালু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রায় ৩০ লাখ সামরিক ও বেসামরিক কর্মীর জন্য সাধারণ ভোক্তা সংস্করণের বাইরে নিয়ন্ত্রিত পরিবেশে ব্যবহারের উপযোগী চ্যাটজিপিটি মিল ও গ্রক ফর গভার্নমেন্ট যুক্ত করা হয়েছে। পেন্টাগনের কেন্দ্রীয় এআই প্ল্যাটফর্ম ‘জেনএআই.মিল’-এর মাধ্যমে এসব সুবিধা দেওয়া হচ্ছে।

জেনএআই.মিল এমন একটি নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম, যেখানে সরকারি কাজের জন্য বিভিন্ন এআই মডেল নিরাপদ পরিবেশে ব্যবহার করা যায়। এর আগে থেকেই গুগলের জেমিনাই প্ল্যাটফর্মটিতে ছিল। নতুন করে চ্যাটজিপিটি ও গ্রক যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা একই অবকাঠামোর মধ্যে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পেন্টাগনের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ লাখ সামরিক ও বেসামরিক কর্মীর মধ্যে ১৭ লাখের বেশি ইতোমধ্যে জেনএআই.মিলের আওতায় এসেছেন।

সাধারণ বাণিজ্যিক এআই সেবার পরিবর্তে সামরিক কাজে আলাদা অবকাঠামো ব্যবহারের মূল কারণ তথ্যের নিরাপত্তা। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, কর্মীদের যেন সংবেদনশীল সরকারি তথ্য সাধারণ এআই প্ল্যাটফর্মে দেওয়ার প্রয়োজন না হয়, সে লক্ষ্যেই নিয়ন্ত্রিত পরিবেশটি তৈরি করা হয়েছে। অননুমোদিতভাবে সরকারি তথ্য বাণিজ্যিক এআই ব্যবস্থায় ব্যবহারের ঝুঁকিকে ‘শ্যাডো এআই’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। চ্যাটজিপিটি মিল ও গ্রক ফর গভার্নমেন্ট উভয়ই ‘ইমপ্যাক্ট লেভেল ৫’ বা আইএল৫ নিরাপত্তা অনুমোদন পেয়েছে। তবে সর্বোচ্চ শ্রেণিবদ্ধ গোপন তথ্য ব্যবহারের অনুমতি এতে নেই।

এর মধ্যে চ্যাটজিপিটি মিলকে মূলত দাপ্তরিক ও নথিনির্ভর কাজে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। চ্যাট, ফাইল ব্যবস্থাপনা, প্রকল্প তৈরি এবং কাস্টম জিপিটি ব্যবহারের মতো সুবিধা থাকছে এতে। নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা, প্রশাসনিক কার্যক্রম ও লজিস্টিকসসহ বিভিন্ন আনক্লাসিফাইড তথ্যভিত্তিক কাজ দ্রুত সম্পন্ন করতে এটি ব্যবহার করা যাবে।

অন্যদিকে গ্রক ফর গভার্নমেন্টকে সামরিক কার্যক্রম ও বৃহত্তর সাংগঠনিক কাজের জন্য ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রতিষ্ঠানের তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা এবং নিরাপদ সহযোগিতার পাশাপাশি সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে বাজার বিশ্লেষণ ও সরবরাহব্যবস্থা ব্যবস্থাপনার মতো কাজেও এটি ব্যবহার করা হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ