বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় পথচারীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা দেখতে পান কারখানা শ্রমিক আবু ইউসুফ। তিনি সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু ইউসুফ। তিনি একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন।
আবু ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজুল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার তক্কার মাঠ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। আট মাস আগে নাহিদা ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর স্ত্রী নাহিদা সাত মাসের অন্তঃসত্ত্বা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও কৃষক দল নেতা জুয়েল আরমানের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। গতকাল ওই মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন পান জুয়েল আরমান। পরে রাতে তাঁর নেতৃত্বে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
এ সময় কারখানা থেকে বেতনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন আবু ইউসুফ। পথে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখে তিনি মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। তখন হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, দুই পক্ষের বিরোধের জেরে রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা হয়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে আবু ইউসুফের ওপর হামলা করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মতামত দিন