Views Bangladesh Logo

ছাত্র আন্দোলন নিয়ে পোস্ট, ইনস্টাগ্রামে ৩ লাখ অনুসারী হারালেন পার্ল মানি

ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী, উপস্থাপক ও রিয়েলিটি শো ‘বিগ বস মালয়ালম’–এর সাবেক প্রতিযোগী পার্ল মানি। বিতর্কের জেরে ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবজুড়ে দ্রুত কমতে শুরু করেছে তার অনুসারীর সংখ্যা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিতর্ক শুরুর পর মাত্র দুই দিনের ব্যবধানে ইনস্টাগ্রামেই তিন লাখের বেশি অনুসারী হারিয়েছেন এই অভিনেত্রী। ২৪ জুলাইয়ের আগে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী ছিল প্রায় ২৭ লাখ। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ২৪ লাখে। একই সময়ে ফেসবুক ও ইউটিউবেও তার অনুসারী ও সাবস্ক্রাইবার কমতে দেখা গেছে।

গত ২৪ জুলাই ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট প্রকাশ করেন পার্ল মানি। সেখানে আন্দোলনের বিভিন্ন দৃশ্যকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে তিনি লেখেন, তার একমাত্র প্রার্থনা যেন কেউ আহত না হন এবং সবাই নিরাপদে থাকেন। জীবন ঝুঁকির মুখে পড়লে আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন, আন্দোলনটি যেন অন্য কোনো দিকে মোড় না নেয়।

তবে পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার কমেন্ট সেকশনটি আমার বাকস্বাধীনতার প্রতিফলন।’ এরপরই পোস্টটির মন্তব্য করার সুযোগ পুরোপুরি বন্ধ করে দেন। এ সিদ্ধান্তই নতুন করে বিতর্কের জন্ম দেয়। অনেকে অভিযোগ করেন, বাকস্বাধীনতার কথা বললেও সমালোচনার মুখ এড়াতে তিনি মন্তব্যের সুযোগ বন্ধ করে দিয়েছেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়ে যায়।

পোস্টটিতে মন্তব্য করতে না পেরে অনেক ব্যবহারকারী তার পুরোনো পোস্টগুলোতে গিয়ে সমালোচনামূলক মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ তাকে ‘সুবিধাভোগী’ বলে আখ্যা দিয়ে দাবি করেন, সাধারণ শিক্ষার্থীদের সংগ্রাম ও বাস্তবতা সম্পর্কে তার উপলব্ধি নেই।

সামাজিক মাধ্যমে এই প্রতিক্রিয়ার প্রভাব পড়েছে তার জনপ্রিয়তার সূচকেও। ইনস্টাগ্রামে কয়েক লাখ অনুসারী হারানোর পাশাপাশি ইউটিউব ও ফেসবুকেও তার অনুসারীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ