ইন্টারপোলের মাধ্যমে কাতার থেকে আসামি দেশে আনল পিবিআই
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোচিত মাথাবিহীন এক হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী মোবারক মণ্ডলকে ইন্টারপোলের সহায়তায় কাতার থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানিয়েছে, দেশে ফিরিয়ে আনার পর আদালতে হাজির করা হলে মোবারক মণ্ডল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মোবারক মণ্ডল (৪৭) রাজবাড়ীর পাংশা উপজেলার পাড়নারায়ণপুর এলাকার ইয়াছিন মণ্ডলের ছেলে। দীর্ঘদিন তিনি বিদেশে অবস্থান করছিলেন বলে জানায় তদন্ত সংস্থা।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, তিনি গত বছরের ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘটিত আব্রাহাম খান ওরফে আলিম খান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন। হত্যাকাণ্ডের এক দিন আগে তিনি দেশে এসে স্ত্রী ও স্বজনদের সহায়তায় পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখেন এবং পরে আবার বিদেশে পালিয়ে যান।
গত বছরের ১৬ ডিসেম্বর আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় একটি বালুর মাঠের পাশে মাথাবিহীন লাশ পাওয়ার ঘটনায় এ হত্যাকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে পিবিআই।
এর আগে তদন্তে রুহুল আমিন রাব্বি নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়, যিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্তে উঠে আসে, ব্যক্তিগত সম্পর্ক ও ব্ল্যাকমেইলকে কেন্দ্র করে হত্যার পরিকল্পনা করা হয় এবং পরে সংঘটিত হয় নির্মম এই হত্যাকাণ্ড।
পিবিআই জানিয়েছে, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইন্টারপোলের সহায়তায় আসামিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে