পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ পারসা ইভানার, পাল্টা অভিযোগ নির্মাতার
অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা অভিনীত নাটক ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ মুক্তির কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো সম্পূর্ণ পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেছেন। শুধু নিজের নয়, নাটকের টিমের আরও কয়েকজন সদস্যও তাদের প্রাপ্য পারিশ্রমিক পাননি বলেও দাবি করেছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ'তে মুক্তি পাওয়া নাটকটি পরে মে মাসে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়। সম্প্রতি ফেসবুকে কয়েকটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে পারসা ইভানা অভিযোগ করেন, সাত মাস ধরে তিনি তার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, শুধু আমি নই, টিমের আরও অনেক সদস্য এখনো তাদের পাওনা বুঝে পাননি। আমাকে কিছু টাকা দেওয়া হয়েছে, কিন্তু পুরো পারিশ্রমিক এখনো পরিশোধ করা হয়নি। সেটি আমি মেনে নিয়েছি। কিন্তু আমার টিমের অনেকেই তাদের প্রাপ্য পাননি। বিষয়টি নিয়ে কথা বলা একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব।
তিনি আরও বলেন, আমি নিজের পাওনা না পেলেও হয়তো মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কী হবে? যারা একটি সুযোগের আশায় কঠোর পরিশ্রম করে, তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত হওয়া উচিত। আমরা এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারীত্বের মূল্য থাকবে।
তবে পারসা ইভানার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নাটকের নির্মাতা ফরহাদ আহমেদ ইশান। গণমাধ্যমকে তিনি বলেন, পারসা আমার কাছে আরও ১০ হাজার টাকা পাবেন। তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং আমি তাকে জানিয়েছি, দ্রুত বাকি অর্থ পরিশোধ করব। কিন্তু তিনি হঠাৎ ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন। সেখানে প্রোডাকশন বয়সহ অনেকের পাওনা বাকি রয়েছে বলে দাবি করা হয়েছে, যা পুরোপুরি সঠিক নয়। দু-একজন ছাড়া প্রায় সবাইকে পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে।
এ সময় অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগও তোলেন ইশান। তার দাবি, ব্যক্তিগত পারিবারিক সংকটের বিষয়টি জানানোর পরও পারসা তাকে হুমকি দিয়েছেন।
নির্মাতার ভাষ্য, কয়েক মাস ধরে আমার মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। এ কারণে নিয়মিত কাজ করতে পারিনি এবং আর্থিক সংকটে পড়েছি। বিষয়টি পারসাকে জানিয়েছিলাম। এরপর তিনি আমাকে বলেন, আমি কীভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেটি তিনি দেখে নেবেন। পাশাপাশি আমার ব্যক্তিগত মোবাইল নম্বর ফেসবুকে প্রকাশ করেছেন। এতে আমি নানা ধরনের হয়রানির শিকার হচ্ছি।
পারিশ্রমিক নিয়ে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনো সমাধান হয়নি।
মতামত দিন