ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস অবশ্যই ঈদের ছুটির আগে পরিশোধ করতে হবে। কোনোভাবেই শ্রমিকদের প্রাপ্য পাওনায় জটিলতা সৃষ্টি করা যাবে না।
শনিবার ঢাকায় সরকারি বাসভবনে আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। সংসদ সদস্যরা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধ নিশ্চিত করবেন।
মন্ত্রী জানিয়েছেন, যেসব শ্রমিক নেতা কারখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বিষয়েও স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের নজর রাখতে হবে। পলাতক মালিকদের তালিকা তৈরি করে কারখানায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে সতর্ক থাকতে হবে।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকার ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করবে। এছাড়া প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন, শ্রমিকদের সমস্যা সমাধানে নজরদারি অব্যাহত রাখতে।
বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ঢাকায় ২১২৭টি কারখানার মধ্যে ১৯৬৪টি ফেব্রুয়ারি মাসের বেতন দিয়েছে এবং ১৫৩৫টি ঈদের বোনাস পরিশোধ করেছে।
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম জানান, ৮৩৪টি কারখানার মধ্যে ৫১২টি ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৬০৪টি ঈদের বোনাস পরিশোধ করেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার বলেন, আপদকালীন ফান্ড তৈরি করলে বেতন-বোনাস সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে