Views Bangladesh Logo

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছার আগেই ভেঙে পড়ল অনুষ্ঠানস্থলের প্যান্ডেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শুরুর আগেই উপকারভোগীদের জন্য নির্মিত একটি প্যান্ডেল আকস্মিক দমকা বাতাসে ভেঙে পড়েছে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং মূল মঞ্চও অক্ষত রয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে উপস্থিত উপকারভোগী ও অতিথিরা প্যান্ডেলের নিচে বসে ছিলেন। এ সময় হঠাৎ প্রবল বাতাসে প্যান্ডেলের একটি অংশ ভেঙে পড়লে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়।

ঘটনার পরপরই সংশ্লিষ্টরা নিরাপত্তার স্বার্থে ভেঙে পড়া প্যান্ডেলটি খুলে ফেলেন। পরে খোলা মাঠেই নতুন করে চেয়ার বসিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্যান্ডেল ভেঙে পড়লেও প্রধানমন্ত্রীর জন্য নির্মিত মূল মঞ্চের কোনো ক্ষতি হয়নি। ফলে নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তনের প্রয়োজন হয়নি।

এর আগে বুধবার সকাল ১০টা ১৭ মিনিটে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধাভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ