Views Bangladesh Logo

ঢাকার মঞ্চে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ আনছে এক্টোম্যানিয়া

বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় ও আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার নাট্যরূপে আসছে ঢাকার মঞ্চে। নাট্যদল ‘এক্টোম্যানিয়া’র নতুন এই প্রযোজনা ঘিরে ইতোমধ্যে নাট্যাঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ ও উন্মাদনা।

আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের সন্ধানে এক তরুণের আন্দালুসিয়া থেকে মিশরের পিরামিডের দিকে যাত্রার রূপকধর্মী গল্প ‘দ্য আলকেমিস্ট’। বিশ্বজুড়ে কোটি কোটি পাঠকের হৃদয় জয় করা উপন্যাসটির মূল দর্শন হলো—মানুষ যখন মন থেকে কোনো কিছু চায়, তখন তার সেই স্বপ্ন পূরণের পথে পুরো বিশ্ব যেন সহায় হয়ে ওঠে। জীবনের এই সর্বজনীন দর্শন ও আত্মঅন্বেষণের গল্পই এবার জীবন্ত হয়ে উঠবে ঢাকার মঞ্চে।

নাটকটির নির্দেশক তালহা জুবায়ের বলেন, বর্তমান সময়ে মানুষ ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে এতটাই ব্যস্ত যে অনেক সময় জীবনের আসল স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা ভুলে যায়। ‘দ্য আলকেমিস্ট’ মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য বা স্বপ্ন থাকে, যা অর্জনের জন্য সে জন্মেছে। নিজের ভেতরের সেই স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়া এবং আত্মিক যাত্রার তাগিদ থেকেই এই প্রযোজনাটি নির্মাণ করা হয়েছে।


নান্দনিক আলোকসম্পাত, আবহসংগীত ও শক্তিশালী অভিনয়ের মধ্য দিয়ে সান্তিয়াগো নামের রাখাল বালকের মরুভূমি পাড়ি দেওয়ার যাত্রা এবং তার অন্তর্জগতের পরিবর্তন তুলে ধরা হবে নাটকটিতে।

খুব শিগগির বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটির উদ্বোধনী ও নিয়মিত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রযোজনাটিতে অভিনয় করবেন- শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান, ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, বাপ্পী চৌধুরী, সাকিব শুভ, ঐশি, সাদ, রিহাদ ইসলাম, রাতুল আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র, জনি ও বরিষ-ধরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ