Views Bangladesh Logo

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদযাত্রীর চাপ, লঞ্চ সংকটে ভোগান্তি

ঈদযাত্রার তৃতীয় দিনেও ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এই নৌপথে বাড়ি ফিরতে ভিড় করছেন। তবে ঘাট এলাকায় অতিরিক্ত যাত্রীচাপ ও লঞ্চ সংকটের কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। লঞ্চে অতিরিক্ত চাপ থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে ফেরিতে করে নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছেন।

লঞ্চঘাটের ম্যানেজার ফারুক হোসেন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীর চাপ ছিল উল্লেখযোগ্য। কিছুটা সময় বেশি লাগলেও যাত্রীরা নিরাপদেই পারাপার হচ্ছেন।

চুয়াডাঙ্গাগামী যাত্রী মোহাম্মদ রানা বলেন, গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। ছুটি পেয়ে পরিবার নিয়ে বাড়ি ফিরছেন, তবে ঘাটে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে।

আরেক যাত্রী মহরম আলী জানান, সড়কপথে ভোগান্তির পর ঘাটে এসে আরও দুর্ভোগে পড়েছেন। যাত্রীর তুলনায় লঞ্চ কম থাকায় একটি লঞ্চ এলেই হুড়োহুড়ি শুরু হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মনির খান বলেন, বর্তমানে ১৮টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে, তবে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে।

এদিকে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক। অনেক চালক রাত থেকে অপেক্ষা করছেন। ট্রাকচালকের সহকারী শফিক জানান, তিনি রাত ২টা থেকে পারাপারের অপেক্ষায় আছেন।

আরেক ট্রাকচালক আহসান বলেন, সড়কে যানজটের পর এখন ফেরিতে উঠতেও অনিশ্চয়তায় পড়েছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন জানান, সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। বর্তমানে কিছুটা কমলেও বিকেলের দিকে আবারও চাপ বাড়তে পারে। যাত্রী ও যানবাহন পারাপারে ১৭টি ফেরি চলাচল করছে এবং ফেরি ঘাটে ভিড়লেই দ্রুত ওঠানামা সম্পন্ন হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ