পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচন ২৬ নভেম্বর
পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচন আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২৫তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়টি জানান নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনারও।
সভা শেষে পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই- ২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৯ নভেম্বর। আর ভোটগ্রহণ ২৬ নভেম্বর। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে।
প্রসঙ্গত, গত শনিবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। এতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
মরহুম শাহজাহান মিয়া ১৯৯১ সাল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেবে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে