ইউনূসকে হত্যার হুমকির অভিযোগে পটুয়াখালীতে একজনের বিরুদ্ধে মামলা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি ও তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগে পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশীষ রায় বাদীর অভিযোগটি আমলে নেন এবং মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমান চুন্নু এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামি করা হয়েছে মো. মাসুম বিল্লাহ (৪০) নামের এক ব্যক্তিকে। তাঁর বাড়িও পূর্ব মধুখালী গ্রামে। তিনি বাংলাদেশ রেলওয়ে বিভাগের পয়েন্টসম্যান পদে কর্মরত।
মামলার এজাহারে বলা হয়, গত ২ মে ড. মুহাম্মদ ইউনূস একটি মামলায় হাজিরা শেষে আদালতের বাইরে এলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের সন্তোষজনক উত্তর দেন। যা বিভিন্ন টিভি চ্যানেলের অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়। ওই ভিডিও পোস্টে অনেক দর্শক শেয়ার ও কমেন্ট করেন। মাসুম বিল্লাহ ওই ভিডিওতে কমেন্ট করেন, ‘আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল।’ যা দেখে বাদীর হৃদয়ে রক্তক্ষরণ হয়। পরে আসামি এলাকায় বসে ড. মুহাম্মদ ইউনূসকে সুদখোর, ইহুদি পশ্চিমা দালাল বলে সাক্ষীগণের উপস্থিতিতে মানহানিমূলক উক্তি প্রকাশ করেন। সর্বোপরি আসামি ড. মুহাম্মদ ইউনূসকে একা পেলে গুলি করে হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ‘আদালতের কাগজ এখনো হাতে পাইনি। এ সংক্রান্ত আদেশ হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে মাসুম বিল্লাহ পাল্টা অভিযোগ করেছেন, পারিবারিক বিরোধের জের ধরে তাঁকে ফাঁসাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে