Views Bangladesh Logo

বরিশালের শেবাচিম হাসপাতালে বহির্বিভাগ বন্ধ, ভোগান্তিতে রোগীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

রিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতির কারণে বহির্বিভাগের সেবা বন্ধ রয়েছে। এতে শত শত রোগী চরম ভোগান্তিতে পড়েন।

বুধবার (১২ মার্চ) সকাল থেকে পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে চিকিৎসকরা এই কর্মসূচি পালন করেন।

রোগীরা জানান, সকাল ৮টায় যথারীতি বহির্বিভাগের টিকিট দেয়া শুরু হয়। তবে ২০০-৩০০ টিকিট দেয়ার পর হঠাৎ টিকিট বিতরণ বন্ধ করে দেয়া হয়। পরে সকাল ১০টার দিকে চিকিৎসকরা চেম্বার ছেড়ে চলে যান, যা কার্যত কর্মবিরতির ঘোষণা ছিল।

হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন প্রায় ১,৫০০ থেকে ২,০০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন।

কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসক মর্তুজা আলম বলেন, ‘কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি দেশব‍্যাপী পালিত হচ্ছে। আমাদের এখানে দেরিতে খবর পৌঁছায় সকালে আউটডোরের রোগীদের টিকিট বিতরণ শুরু হয়ে যায়। যতগুলো টিকিট বিতরণ হয়েছে, তাদের চিকিৎসা দেওয়ার পরই আমরা কাজ বন্ধ করেছি। কেন্দ্র থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব‍্যবস্থা নেয়া হবে।’

চিকিৎসা নিতে আসা রোগী নগরীর আমানতগঞ্জ এলাকার তাসলিমা বেগম বলেন, ‘তারা ধর্মঘটে যাবেন; সেটা আগে বললেই পারতেন। হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়ায় আমরা বিপদে পড়েছি। সকাল থেকে এসে বসেছিলাম ডাক্তার দেখানোর আশায়। এখন না দেখিয়েই ফেরত যেতে হচ্ছে।’

একইভাবে আরো কয়েক শ’ রোগী ফেরত যান চিকিৎসা না পেয়ে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, ‘ধর্মঘটরত চিকিৎসকদের সাথে আলোচনা চলছে। আশাকরি খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ