Views Bangladesh Logo

বগুড়ায় সরকারি হাসপাতালে রোগীকেই কিনতে হচ্ছে জলাতঙ্কের টিকা

ম্প্রতি রাশেদা বেওয়া (৬০) নামের এক নারীর পায়ে কুকুর কামড়ালে টিকা নিতে তিনি যান হাসপাতালে। কিন্তু হাসপাতালের দায়িত্বরত সেবিকা জানান টিকা ও সিরিঞ্জ তাকেই কিনতে হবে। এ কথা শুনে তখনই কান্নায় ভেঙে পড়েন রাশেদা। হাসপাতালে থাকা অনেকের কাছে তিনি সাহায্য চান। কিন্তু সাহায্য মেলেনি।

রাশেদা ব্যর্থ হয়ে আবারও ফিরে যান নার্সদের কক্ষে। সেখানে গিয়ে চিৎকার করে বলেন, সরকারি হাসপাতালে তো টিকা নিতে টাকা লাগে না। আপনারা টাকার কথা বলছেন কেন? আমার কাছে তো টাকা নাই। টাকা দিয়ে টিকা কেনার সামর্থ্যও আমার নাই। তাহলে কী আমি মারা যাবো? আমাকে কেউ কি সাহায্য করবেন না?

ঘটনাটি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের। ৬০ বছরের রাশেদা বেওয়া বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের বাসিন্দা।

গত শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালে গেলে রাশেদা বেওয়া জানান, তিনি গত বুধবার জলাতঙ্কের টিকার এক ডোজ নিয়েছেন। ওই সময় টাকা লাগেনি। দ্বিতীয় ডোজ নিতে এসে শুনলেন নিজেরই সবকিছু কিনতে হবে। তার কাছে টাকা নেই। হাসপাতালের লোকজনের কাছে অনেক অনুরোধ করেও কোনো সুরাহা পাননি। পরে টিকা নিতে আসা একজন তাকে অর্থ দিয়ে সাহায্য করেন।

মোহাম্মদ আলী হাসপাতালে মাঝেমধ্যেই জলাতঙ্কের টিকা কিনতে হয়। টিকা ও চারটি সিরিঞ্জের দাম ৫২০ টাকা। চারজন ভুক্তভোগী ১৩০ টাকা করে দিয়ে টিকা কেনেন। এতে সবারই টিকার এক ডোজ করে হয়ে যায়।

কুকুর, বিড়াল বা অন্য যেকোনো প্রাণীর আক্রমণের শিকার হলে জলাতঙ্কের টিকার প্রয়োজন হয়। যা হাসপাতাল কর্তৃপক্ষের বিনামূল্য সরবরাহ করার কথা। কিন্তু কিছুদিন পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বলে, টিকা শেষ হয়ে গেছে। পরে হাসপাতাল চত্বরের ফার্মেসি থেকেই টিকা ও সিরিঞ্জ কেনেন ভুক্তভোগীরা।

বিড়ালের আক্রমণের শিকার হয়ে বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে টিকা নিতে আসা বুলবুল হোসেন নামের এক যুবকও টিকা না পাওয়ার কথা বলেছেন। তিনি বলেন, হাসপাতালে এসে শুনেছি টিকার সরবরাহ নেই। পরে চারজন মিলে টিকা ও সিরিঞ্জ কিনেছি।

হাসপাতালে টিকা নিতে আসা অন্তত ২০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো কোনো দিন তারা বিনামূল্যেই ভ্যাকসিন বা টিকা পান। তবে মাঝে মাঝে টিকা কিনতে হয়।

জানতে চাইলে মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালে মজুত থাকা টিকা শেষ হয়ে গেছে। আগের তুলনায় কুকুর ও বিড়ালের মাধ্যমে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আমরা ঢাকায় যোগাযোগ করেছি। দুই-চারদিনের মধ্যে জলাতঙ্কের টিকা পেয়ে যাবো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ