Views Bangladesh Logo

১ ঘণ্টা যানজটে আটকে থেকে ভ্যানেই রোগীর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে তীব্র যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে শহরের ভোগাই ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

নিহত আমিনুল ইসলাম উপজেলার গুজাকুড়া গ্রামের মো. আবদুল রউফের ছেলে।

স্বজনদের ভাষ্য, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ভ্যানগাড়িতে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে আড়াইআনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কে তীব্র যানজটে আটকে পড়ে ভ্যানটি।

স্বজনরা জানান, প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকার কারণে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। এক পর্যায়ে চিকিৎসা না পেয়ে ভ্যানেই মৃত্যু হয় আমিনুল ইসলামের।

মৃতের স্বজন জিহাদ হাসান বলেন, চোখের সামনে দেখলাম যানজটের কারণে তাকে হাসপাতালে নেওয়া গেলো না। ভ্যানেই মৃত্যু হলো। সেখানে যদি একজন ট্রাফিক পুলিশ থাকতো, তাহলে হয়তো দ্রুত হাসপাতালে নেওয়া যেত।

স্থানীয়দের অভিযোগ, নালিতাবাড়ী শহরে প্রায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে বাজার এলাকা ও ব্যস্ত সড়কে অবৈধ পার্কিং, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের বিশৃঙ্খল চলাচলের কারণে যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির পাশাপাশি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

মৃতের ফুফাতো ভাই মো. রাসেল বলেন, হাসপাতাল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। পায়ে হেঁটে নেওয়ারও সুযোগ ছিল না। এতে ভ্যানেই মৃত্যু হয় তার।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তবে বাজার এলাকায় ধানের হাট এবং মালবাহী ট্রাক যত্রতত্র পার্কিং করায় যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ