অনুপস্থিত পুলিশ সদস্যদের পাসপোর্ট বাতিল হচ্ছে
শেখ হাসিনা সরকার পতনের পর কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকা পুলিশ সদস্যদের পাসপোর্ট বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ।
সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার গণমাধ্যমকে জানান, ৫ আগস্ট সরকার পতনের পর যারা দায়িত্বে অনুপস্থিত বা পলাতক রয়েছেন, তাদের একটি তালিকা চাওয়া হয়েছে। মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের উত্তর পাওয়ার পরই আমরা পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করব।
পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা জানান, অন্যান্য সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছেও বিভিন্ন ক্ষেত্রে অনুপস্থিত থাকা কর্মকর্তাদের তালিকা চাওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ আগস্ট থেকে মোট ১৮৭ জন পুলিশ সদস্য বিভিন্ন পদে দায়িত্বে ফিরেননি। তবে তাদের মধ্যে কতজনের পাসপোর্ট আছে তা এখনও স্পষ্ট নয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে