পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে যুক্ত হবে সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
বাংলাদেশের ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন ই-পাসপোর্টের জলছাপে যুক্ত হবে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ছবি। রোববার (১৯ জুলাই) এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারি আদেশ অনুযায়ী, এখন থেকে নতুন করে ইস্যু হওয়া ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ থাকবে। পাশাপাশি ই-পাসপোর্ট বুকলেটের নকশা ও জলছাপ পুনর্বিন্যাস করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন জলছাপে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ শিরোনামে রংপুরে নিহত আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি, উত্তরার আজমপুরে পানি হাতে দাঁড়িয়ে থাকা মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত ওয়াসিম আকরামের ছবি সংযুক্ত করা হয়েছে। এছাড়া সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে।
নতুন ই-পাসপোর্টের জলছাপে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজার সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম, পানাম নগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর জলছাপ থাকবে।
অন্যদিকে নতুন নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মুজিবনগর স্মৃতিসৌধের জলছাপ বাদ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি পুনর্বহাল করা হলো। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ধাপে ধাপে নতুন পাসপোর্টে এসব পরিবর্তন কার্যকর হবে। বর্তমানে ব্যবহৃত পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন প্রয়োজন হবে না; মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন।
মতামত দিন