Views Bangladesh Logo

৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্যাহতিপ্রাপ্ত ৩২১ জনকে বাদ দিয়ে অবশেষে ৪০তম ব্যাচের ক্যাডেট সাব ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এর আগে অনিবার্য কারণে দুইবার ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। একই ব্যাচের ৩১২ জন এসআইকে প্রথমে বিভিন্ন অভিযোগে শোকজ নোটিশ এবং পরে চাকরি থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ক্যাডেট এসআইদের উদ্দেশ্যে আইজিপি বাহারুল আলম বলেন, পরিবর্তিত সমাজের সারধী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পুলিশের উপপরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, কারণ ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত আপনারা করে থাকেন। অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ নভেম্বর একাডেমিতে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শুরুর পরই নানা অভিযোগে ২২ জনকে বাদ দেয়া হয়।

সূত্রে আরও জানা যায়, গত বছরের ৪ নভেম্বর ৮০১ জনের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এ জন্য দুই দফা প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আয়োজনের সময় নির্ধারণ করা হলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়। এরইমধ্যে নাস্তা না খেয়ে হইচই, ক্লাসে অমনোযোগী এবং বিশৃঙ্খলার অভিযোগে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন, ১৮ নভেম্বর ৩ জন এবং সর্বশেষ ১ জানুয়ারি ৮ জনকে অব্যাহতি দেয়া হয়।

এদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে গত ৫ ও ৬ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জন শিক্ষানবিশ এসআই । এরপর একই দাবিতে তারা সোমবার (১৩ জানুয়ারি) বিকাল থেকে সচিবালয়ের সামনে আমরণ অনশনে বসেন। পরে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে থেকে তাদের সরিয়ে দেওয়া হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ