বোমা হামলার হুমকিতে শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন স্থগিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির পর চলছে তল্লাশি কার্যক্রম। বর্তমানে যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে এবং বিমানটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগে তাদের ইমিগ্রেশনের অনুমতি দেয়া হয়নি।
বিমানবন্দর সূত্র জানায়, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিমানটির আসন, করিডোর, টয়লেট ও ক্যাফেসহ প্রতিটি জায়গায় তল্লাশি চালাচ্ছে।
যাত্রীদের দ্রুত নামিয়ে দেয়া হলেও তাদের হাতব্যাগ বিমানের ভেতরে রয়েছে এবং সেগুলো একে একে তল্লাশি করা হবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অজানা নম্বর থেকে বোমার হুমকি দেয়া হয়। এই হুমকির পর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৫৬ বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে জরুরি অবতরণ করে।
ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টায় ইতালির লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে