ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীর তুলনায় লঞ্চের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ।
বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটে গিয়ে এমন চিত্র দেখা যায়।
ঘাটে অপেক্ষমাণ যাত্রী বাবু খান জানান, তিনি ঈদ করতে মাগুরার গ্রামের বাড়িতে যাচ্ছেন। দুপুরের পর কারখানা ছুটি পেয়ে রওনা দিলেও ঘাটে এসে তীব্র ভিড়ের মুখে পড়েছেন।
তিনি বলেন, ভাবছিলাম তেমন ভোগান্তি হবে না, কিন্তু এখানে এসে দেখি যাত্রী আর যাত্রী, লঞ্চও কম।
আরেক যাত্রী হাবিব জানান, পরিবার নিয়ে বাড়ি ফিরছেন তিনি। সড়কপথে তেমন ভোগান্তি না হলেও ঘাটে এসে দুর্ভোগে পড়তে হয়েছে। একটি লঞ্চ ঘাটে ভিড়লেই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠছেন।
পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মনির খান জানান, ঈদ উপলক্ষে বর্তমানে ১৮টি লঞ্চ যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে। তবে বিকেলের দিকে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রী চাপ সামাল দিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে