Views Bangladesh Logo

যাত্রীবাহী নৌযানে কিলোমিটারে ভাড়া বাড়ল ১৪ থেকে ১৮ পয়সা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৪ পয়সা।

বুধবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পুনর্নির্ধারিত এ ভাড়া গত ৫ মে থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে। এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভাড়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রথম ১০০ কিলোমিটারে ভাড়া বেড়েছে প্রায় ৬ দশমিক ৫০ শতাংশ এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে বেড়েছে প্রায় ৫ দশমিক ৮৮ শতাংশ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী সরকার এ ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

এর আগে গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। নতুন দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকায় নির্ধারিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ