বিমান বাংলাদেশের ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মরদেহ ওমানে
জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। উড্ডয়নের পর ওই যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৬ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছিল। মাঝ আকাশে ওই ফ্লাইটের যাত্রী ছানোয়ারা বেগম (৫৫) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি নিকটবর্তী মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানবন্দরে অবতরণের পরপরই চিকিৎসকদের ডাকা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তারা ছানোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণ এবং মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নিহত যাত্রীর মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিজি-১৩৬ ফ্লাইটটি আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে এবং নির্ধারিত গন্তব্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয়।
মতামত দিন