Views Bangladesh Logo

দৌলতদিয়া ঘাটে আবারও বাস পড়ল পদ্মা নদীতে, চালক-সহকারী উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে আসার পর দৌলতদিয়া ঘাটে পৌঁছালে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর চালক ও তার সহকারী বাসটি ফেরিতে তোলার চেষ্টা করেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফেরির র‍্যাম্পে আঘাত করে। র‍্যাম্প ভেঙে গেলে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে বেলা পৌনে ১২টার দিকে নদীতে পড়ে যাওয়া বাসটিও উদ্ধার করা হয়।

এসবি সুপার ডিলাক্সের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, বাসটিতে প্রায় ৩৭ জন যাত্রী ছিলেন। তবে ফেরিতে ওঠার আগেই সবাই নেমে যাওয়ায় কোনো যাত্রী হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী যাত্রী আল জুবায়ের বলেন, যাত্রী নামানোর পর চালক বাসটি ফেরিতে তুলতে গেলে হঠাৎ সেটি ডান দিকে বেঁকে পানিতে পড়ে যায়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, একই ঘাটে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জন যাত্রী নিহত হন। এবার যাত্রীরা আগে থেকেই নেমে যাওয়ায় সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ