পাকিস্তানের প্রথম মিউজিক ভিডিও হিসেবে ১ বিলিয়ন ভিউ ‘পাসুরি’র
পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি বা ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। এর মধ্য দিয়ে গানটি পাকিস্তানের প্রথম মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এই রেকর্ড গড়েছে।
আলি শেঠি ও শে গিলের কণ্ঠে ‘পাসুরি’ মুক্তি পায় ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। মুক্তির পরপরই পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে গানটির সুর ও কথা জনপ্রিয় হয়ে ওঠে। মুক্তির চার বছর সাত মাস পূর্ণ হওয়ার আগেই ইউটিউবে ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক অর্জন করল গানটি।
গত রোববার ইনস্টাগ্রামে এ খবর জানায় কোক স্টুডিও। গানটির সঙ্গে যুক্ত শিল্পী, প্রযোজক ও শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে তারা বলেছে, যারা গানটি শুনেছেন, গেয়েছেন এবং নিজেদের করে নিয়েছেন—এই অর্জন তাদের সবার।
ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ব্যাপক সাফল্য পেয়েছে ‘পাসুরি’। মুক্তির বছরেই এটি সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পাকিস্তানি গান হিসেবে রেকর্ড গড়ে। বর্তমানে স্পটিফাইতে আলি শেঠি ও শে গিল—দুজনেরই সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান ‘পাসুরি’। প্ল্যাটফর্মটিতে গানটির স্ট্রিম প্রায় ৪০ কোটি ৫০ লাখ।
বিশ্বজুড়ে গানটির জনপ্রিয়তার আরেকটি উদাহরণ মার্ভেলের সিরিজ ‘মিস মার্ভেল’। পাকিস্তানি সংস্কৃতির আবহ তুলে ধরতে সিরিজটির সাউন্ডট্র্যাকে ‘পাসুরি’ ব্যবহার করা হয়। বিভিন্ন দেশের শিল্পীরাও গানটির কভার করেছেন।
এ ছাড়া ‘কোক স্টুডিও আফ্রিকা’ গানটির আফ্রোবিটস সংস্করণ প্রকাশ করে। এতে আলি শেঠির সঙ্গে কণ্ঠ দেন মারওয়ান মুসা ও রিকাডো ব্যাংকস।
বলিউডেও ‘পাসুরি’র হিন্দি সংস্করণ তৈরি হয়েছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে। তবে পরিবর্তিত সংস্করণটি প্রকাশের পর শ্রোতাদের একাংশের সমালোচনার মুখে পড়ে।
সব বিতর্ক পেরিয়ে মূল ‘পাসুরি’ এখন ইউটিউবের ১ বিলিয়ন ভিউয়ের ক্লাবে। মুক্তির চার বছর পরও শ্রোতাদের কাছে জনপ্রিয়তা ধরে রাখা গানটির এই অর্জন পাকিস্তানি সংগীতের জন্যও একটি উল্লেখযোগ্য মাইলফলক।
মতামত দিন