পার্বতী সাজে প্রশংসায় ভাসছেন রাজ রিপা
ক্যামেরার সামনে ভিন্ন ভিন্ন রূপে হাজির হয়ে দর্শকের নজর কাড়েন চিত্রনায়িকা রাজ রিপা। তবে এবার তার সাজে ছিল এমন এক পরিচিত আবেশ, যা মুহূর্তেই মনে করিয়ে দিয়েছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের পার্বতী চরিত্রকে। পূজা উপলক্ষে করা বিশেষ ফটোশুটে পার্বতীর লুকে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। ছবি প্রকাশের পর অনেকেই তাকে ‘বাংলার পারু’ বলে অভিহিত করছেন।
এই প্রশংসায় রাজ রিপাও উচ্ছ্বসিত। তিনি জানান, পূজার ফটোশুটটি শুরুতে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। 'উইমেন্স ডল বিউটি লাউঞ্জের' কর্ণধার তানিয়া আপু যখন ঐশ্বরিয়া রায়ের পার্বতী লুক তৈরি করার কথা বলেন, তখন বিষয়টি শুনে তিনি কিছুটা হেসেছিলেন। কারণ তার মনে হয়েছিল, আদৌ কি এমন রূপ তৈরি করা সম্ভব? কিন্তু সাজসজ্জা ও মেকআপ শেষ হওয়ার পর আয়নায় নিজেকে দেখে তিনি নিজেই অবাক হন। তার ভাষায়, বাস্তবে নিজেকে ঐশ্বরিয়ার পার্বতীর মতো মনে হচ্ছিল। সেই অভিজ্ঞতা তাকে নতুন আত্মবিশ্বাসও দিয়েছে।
এমনকি আবার ‘দেবদাস’ নির্মিত হলে পার্বতী চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন রাজ রিপা। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বাংলাদেশের ‘দেবদাস’-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, নতুন করে সিনেমাটি হলে তিনি পার্বতীর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত।
দীর্ঘ দুই বছরের বিরতির পর রাজ রিপা এখন আবার নিয়মিত কাজে ফিরছেন। এরই মধ্যে ওয়েব ফিল্ম ‘নয় সে ভালোবাসা’ এর শুটিং শেষ করেছেন। পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপন, আন্তর্জাতিক প্রচারণামূলক কাজ ও ওভিসিতেও দেখা গেছে তাকে। সামনে সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, ওভিসি, টিভিসি এবং বড় বাজেটের নাটকেও কাজ করতে চান তিনি।
জাতীয় দলের ব্যাডমিন্টন খেলোয়াড় থেকে অভিনয়ের স্বপ্নে ২০১৭ সালে খুলনা থেকে ঢাকায় আসেন রাজ রিপা। ২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ দিয়ে যাত্রা শুরু করে ২০২৫ সালে মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি পান। মুক্তির অপেক্ষায় রয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি। নিজের কাজ ও পড়াশোনা দুটিই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চান এই অভিনেত্রী। আলোচনার পাশাপাশি সমালোচনাও তার পথচলার সঙ্গী, তবু নতুন কাজের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্ত করতে চান রাজ রিপা। আগামী দিনগুলোতে নিশ্চয়ই।
মতামত দিন