Views Bangladesh Logo

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আর থাকছে না

 VB  Desk

ভিবি ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা তার পোস্টে লেখেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

এর ফলে রাজনৈতিক দলগুলো আর স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থী হবেন নির্দলীয়, যাদের এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণ্য করা হবে।

দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও এ বিষয়ে দলীয় প্রতীক বাদ দেয়ার সুপারিশ করে।

সংশ্লিষ্টদের মতে, এই বিধান তুলে দিলে অনেক যোগ্য ও দক্ষ ব্যক্তি, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তারাও নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন।

বর্তমানে বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা পাঁচটি স্তরে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইউনিয়ন পরিষদ- মোট ৪ হাজার ৫৮১টি। এ ছাড়া রয়েছে ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬৪টি জেলা পরিষদ (এর মধ্যে তিনটি পার্বত্য জেলা), ৩৩০টি পৌরসভা এবং ১২টি সিটি করপোরেশন।

উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘মাইলস্টোন ট্র্যাজেডি’তে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার সিদ্ধান্ত।

এছাড়া সাম্প্রতিক এক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উপদেষ্টা পরিষদ শোকপ্রস্তাব গ্রহণ করে। সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় প্রার্থনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ