পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বাংলাদেশের একাংশ, ঝুঁকিতে ২ কোটি মানুষ
জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বিশ্বের ১৭টি অঞ্চল অস্তিত্ব সংকটে পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, শতাব্দীর শেষ নাগাদ এসব অঞ্চলের কিছু অংশ বা সম্পূর্ণ এলাকা পৃথিবীর মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশও।
প্রতিবেদন অনুযায়ী, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) ধারণা করছে, ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩২ থেকে ৮৪ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে নিম্নাঞ্চলীয় দ্বীপরাষ্ট্র, উপকূলীয় শহর ও বদ্বীপ অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
গবেষণায় বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে এই শতাব্দীর শেষ নাগাদ বাংলাদেশ তার মোট ভূখণ্ডের প্রায় ১৭ শতাংশ হারাতে পারে। এর ফলে প্রায় ২ কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে।
বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় এলাকায় লবণাক্ততার বিস্তার, ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং কৃষি উৎপাদন কমে যাওয়ার কারণে মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসনও বাড়তে পারে।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলো।
মালদ্বীপ: ২০৫০ সালের মধ্যে দেশটির প্রায় ৮০ শতাংশ দ্বীপ বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে।
টুভালু: ২১০০ সালের মধ্যে প্রায় ৯৫ শতাংশ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কিরিবাতি: এখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৈশ্বিক গড়ের তুলনায় অনেক দ্রুত বাড়ছে।
মার্শাল দ্বীপপুঞ্জ ও সলোমন দ্বীপপুঞ্জের কিছু দ্বীপ ইতোমধ্যে আংশিকভাবে সমুদ্রগর্ভে বিলীন হতে শুরু করেছে।
শুধু উন্নয়নশীল দেশ নয়, উন্নত দেশ ও ঐতিহাসিক নগরীগুলোও হুমকির মুখে।
ভেনিস প্রতি বছর ১-২ মিলিমিটার করে নিচে নেমে যাচ্ছে এবং বারবার বন্যার মুখোমুখি হচ্ছে।
মিয়ামি দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকিতে রয়েছে।
নেদারল্যান্ডসের প্রায় এক-চতুর্থাংশ এলাকা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত এবং দেশটির ৬০ শতাংশ মানুষ বন্যাপ্রবণ অঞ্চলে বসবাস করে।
এ ছাড়া নাউরু, পালাউ, ভানুয়াতু, সেশেলস, সামোয়া, ফিজি এবং বাহামাসও ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় রয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এসব অঞ্চল হারিয়ে গেলে শুধু ভৌগোলিক মানচিত্রই বদলাবে না, বদলে যাবে বৈশ্বিক জীববৈচিত্র্য, অর্থনীতি ও জনসংখ্যার বিন্যাসও। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি লাখো মানুষের বাসস্থান, খাদ্যনিরাপত্তা এবং জীবিকাকে হুমকির মুখে ফেলবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর বৈশ্বিক পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। সূত্র: জেরুজালেম পোস্ট

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে