Views Bangladesh Logo

স্পিকার-ডেপুটি স্পিকার ছাড়াই শুরু হচ্ছে নতুন সংসদের প্রথম অধিবেশন: চিফ হুইপ

স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় নতুন সংসদের প্রথম অধিবেশন এবার খালি চেয়ার দিয়েই শুরু হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, এ কারণে এবার চিরাচরিত নিয়মে অধিবেশন শুরু করা সম্ভব হচ্ছে না। স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনুষ্ঠিত বৈঠকে সংসদের কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম দিনে খালি চেয়ার দিয়েই অধিবেশন শুরু হবে এবং কর্মকমিশনের চিঠি উত্থাপন করা হবে।

তিনি আরও বলেন, আগামীকাল রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ওই ভাষণের মধ্য দিয়েই আগামী দিনের অধিবেশন শেষ হবে।

ডেপুটি স্পিকার পদ নিয়ে বিরোধীদলের সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি বলেও জানান নুরুল ইসলাম। তিনি বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ডেপুটি স্পিকার পদে প্রার্থী দেওয়ার বিষয়ে এখনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সাড়া পাওয়া গেলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সংবিধান সংস্কার কমিটির সদস্যরা এখনো শপথ নেননি বলেও জানান চিফ হুইপ। তার ভাষ্য, সংবিধানে এ বিষয়ে স্পষ্ট কোনো বিধান নেই। সংবিধানে “জুলাই সনদ” সংযুক্ত হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সবশেষে তিনি বিরোধীদলের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কামনা করে বলেন, সবাইকে সঙ্গে নিয়েই একটি গণতান্ত্রিক ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ