‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ নিয়ে সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনা শেষে এটি সংসদে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে বিলটির বিভিন্ন দিক পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার বিষয়ে আলোচনা হয়। পরে বিলটি জাতীয় সংসদে উত্থাপনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গুম প্রতিরোধ ও প্রতিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ায় কমিটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।
তবে বৈঠক চলাকালে কমিটির দুই সদস্য নূরুল ইসলাম ও আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কোনো সদস্যের সংশোধনী, মতামত বা আপত্তি থাকলে তা বৈঠকে তুলে ধরার পূর্ণ সুযোগ রয়েছে। প্রয়োজন হলে সেখানে বিরোধিতাও করা যেতে পারে। তবে সভা থেকে বের হয়ে যাওয়া সংসদীয় কার্যপ্রণালির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এতে বলা হয়, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। একই সময়ে বিভিন্ন স্থানে মব তৈরির চেষ্টা দেখা গেলেও রাজনৈতিক নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি বলে বৈঠকে দাবি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেনি বলেও সভায় উল্লেখ করা হয়।
এ ছাড়া মিরাজ শেখের অপহরণের ঘটনায় সরকারকে দায়ী করার চেষ্টা নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি থেকে বেরিয়ে এসে ঘটনার প্রকৃত কারণ ও তথ্যের ভিত্তিতে বিষয়টি দেখার প্রয়োজন রয়েছে বলে মত দেন সদস্যরা। এ ধরনের ‘ব্লেম গেম’ এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, নূরুল ইসলাম ও আব্দুল বাতেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
মতামত দিন