সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র: প্রধানমন্ত্রী
দীর্ঘ দেড় দশকের দুঃশাসনের অবসানের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে দেশ আজ একটি দায়বদ্ধ সংসদ পেয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এখন থেকে সংসদই হবে দেশের সব যুক্তি–তর্ক, মতবিনিময় ও জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না এবং হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের এই দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংসদীয় গণতন্ত্রের অগ্রদূত হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি দেশে সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। কিন্তু পরবর্তী শাসনামলে সেই সংসদকে প্রহসনে পরিণত করা হয়েছিল। তিনি আপসহীনভাবে লড়াই করলেও এই নতুন সংসদের সূচনা দেখে যেতে পারেননি।
একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘জনগণই যদি রাজনৈতিক দল হয়, তবে আমি সেই দলেই আছি।’ ব্যক্তি বা দলের চেয়ে জনগণের স্বার্থকে বড় করে দেখাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মূল দর্শন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দলীয়ভাবে নির্বাচিত হলেও প্রধানমন্ত্রী হিসেবে পুরো দেশের প্রতিনিধিত্ব করছি। রাজনৈতিক কর্মসূচি ভিন্ন হতে পারে, তবে একটি সার্বভৌম, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবার ঐক্য প্রয়োজন।
বর্তমান সংসদের বিশেষ পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, ‘বিগত সরকারের সময়কার জনরোষের কারণে সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারদের কাউকেই পাওয়া যাচ্ছে না—তারা কেউ কারাগারে, কেউ পলাতক।’
সংসদের কার্যক্রম শুরু করতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সভাপতিত্বের জন্য প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানও একইভাবে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন। সেই নজির অনুসরণ করেই বর্তমান সংসদের কার্যক্রম শুরু করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে