Views Bangladesh Logo

সংসদ হবে সব আলোচনার কেন্দ্র: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য ও বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদই হবে সব আলোচনার কেন্দ্রবিন্দু।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আবাহনী ক্লাব মাঠে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে সংসদই হবে সব আলোচনার কেন্দ্র। সেখানে বিতর্ক, মতপার্থক্য ও ভিন্নমতের মধ্য দিয়ে জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে উঠবে। দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনা হবে এবং সেখান থেকেই জাতির জন্য দিকনির্দেশনা আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম রুবেল; জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এনসিপি সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক অঙ্গনে নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব দেশের রাজনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

তিনি আরও বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এমন রাজনীতি চায়, যা জনগণের প্রত্যাশা ও দাবি ধারণ করে। রাজনীতি অতীতের ইতিহাসে আবদ্ধ না থেকে ভবিষ্যৎ নির্মাণে মনোযোগী হওয়া উচিত।

তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি কার্যকর ভূমিকা রাখবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ