বিকালে বসছে বাজেট অধিবেশন
দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে বুধবার বিকেল ৫টায়। চলতি বছরের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২০ মে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৮ লাখ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারে।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে দেশের ৫৩তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ছয় মেয়াদের ২৫তম বাজেট।
স্বাধীনতা-পরবর্তী সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৭১ সালে দেশের প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দীন আহমদ। সেই বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা আর এডিপির আকার ছিল ৫০১ কোটি টাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে