Views Bangladesh Logo

সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা মঙ্গলবার

সংবিধান সংস্কারসংক্রান্ত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং এ বিষয়ে পরিষদ অধিবেশন নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিশ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ বিষয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার দিনের কার্যসূচির শেষ দিকে দুই ঘণ্টা সময় বরাদ্দ দিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রোববার বিকেলে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শফিকুর রহমান নোটিশটি উত্থাপন করেন এবং তা নিয়ে আলোচনার দাবি জানান। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এ সময় স্পিকার জানান, কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

পরবর্তীতে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, গত ১৫ মার্চ তিনি একই বিষয়ে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলেছিলেন এবং স্পিকারের পরামর্শ অনুযায়ী যথাযথভাবে নোটিশ জমা দিয়েছেন। সেই নোটিশই তিনি সংসদে উপস্থাপন করছেন।

এদিকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন ও ৭১ বিধির আলোচনা শেষে এ ধরনের নোটিশ উত্থাপন করা হয়। তিনি বিরোধীদলীয় নেতাকে নিয়ম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাব নিয়ে সরকারেরও বক্তব্য রয়েছে, তবে সংসদের শৃঙ্খলা বজায় রাখতে হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই আলোচনা হওয়া উচিত। এতে অন্যান্য সদস্যদের অধিকারও সুরক্ষিত থাকবে।

জবাবে শফিকুর রহমান বলেন, স্পিকারের নির্দেশনা অনুযায়ীই তিনি প্রশ্নোত্তর পর্ব শেষে বিষয়টি উত্থাপন করেছেন, যা তার সাংসদ হিসেবে অধিকার ও দায়িত্বের মধ্যেই পড়ে।

একপর্যায়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে স্পিকার সংসদীয় বিধি অনুযায়ী নির্ধারিত সময়ে বিষয়টি আলোচনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ