সংসদ গবেষণায় চার বিষয়ে অগ্রাধিকার, প্রথম সভায় কমিটির সুপারিশ
জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ বাস্তবায়নে গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে এ সভা হয়। সভায় সংসদের গবেষণা কার্যক্রম পরিচালনা, গবেষণার বিষয় নির্ধারণ এবং গবেষণা প্রস্তাব আহ্বানের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় কমিটির সদস্য সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আনম খলিলুর রহমান খান, পরিচালক (যুগ্মসচিব) মো. নাজমুন হক, উপসচিব মো. ফয়সাল মোর্শেদ, উপসচিব ড. মো. ওহিদুজ্জামান এবং উপপরিচালক মো. আলী আকবর উপস্থিত ছিলেন। শুরুতে কমিটির সভাপতি সদস্যদের স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।
আলোচনায় জাতীয় সংসদের জন্য বরাদ্দ গবেষণা তহবিল এবং সংশোধিত গবেষণা নীতিমালার আওতায় কীভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে, সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। গবেষণার জন্য যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব সংগ্রহের লক্ষ্যে বাংলা ও ইংরেজি ভাষার একটি করে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সভায় মতামত নেওয়া হয়।
গবেষণার বিষয় নির্ধারণের ক্ষেত্রেও সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। আলোচনার পর গবেষণা প্রস্তাব আহ্বানের জন্য বাংলা ও ইংরেজি ভাষার দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশ করা হয়।
সভায় গবেষণার বিষয় নির্বাচন ও প্রস্তাব মূল্যায়নে চারটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে। এগুলো হলো, বাংলাদেশ জাতীয় সংসদে কার্যকর সংসদীয় কমিটি ব্যবস্থা: বর্তমান অবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সংস্কারের রূপরেখা; আইন প্রণয়নের পর তার বাস্তবায়ন ও পর্যালোচনার প্রয়োজনীয়তা এবং কাঠামো; জনগণের সঙ্গে জাতীয় সংসদের সংযোগের বর্তমান পরিস্থিতি ও তা উন্নয়নের উপায়; এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা গবেষণা কার্যক্রমকে সংসদের আইন প্রণয়ন ও সংসদীয় কার্যক্রমের মানোন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মতামত দিন