সংসদে অন্তর্বর্তী সরকারের ৫টি অধ্যাদেশের বিল পাস
জাতীয় সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’সহ অন্তর্বর্তী সরকারের পাঁচটি অধ্যাদেশের বিল পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে কণ্ঠভোটে বিলগুলো পাস হয়।
বিলগুলো বিশেষ কমিটিতে না যাওয়ায় সরাসরি পাস করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিলগুলো সংসদে উত্থাপন করেন।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে— ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, ‘প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (সংশোধন) আইন, ২০২৬’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ এবং ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’।
এর মধ্যে পল্লী উন্নয়ন একাডেমি সংক্রান্ত সংশোধনীতে প্রতিষ্ঠানের নাম থেকে শেখ হাসিনার নাম বাদ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি পাসের আগে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান আলোচনার জন্য সময় চান। তিনি বলেন, বিলটি মাত্র কয়েক মিনিট আগে হাতে পেয়েছেন, তাই বিস্তারিত পর্যালোচনার সুযোগ হয়নি।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রুলিং দিয়ে জানান, এ পর্যায়ে আপত্তি তোলার সুযোগ নেই এবং নির্ধারিত সময়ে প্রস্তাব দিলে আলোচনা করা যেত।
পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে